ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের ব্রিজঘাট এলাকায় কপোতাক্ষ নদের জায়গা দখল করে চলছে ভবন নির্মাণের কাজ। কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মহব্বত হোসেন নামের এক ব্যবসায়ী ওই ভবন নির্মাণ করছেন।
এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ব্রিজঘাট সেতুর ওপর মানববন্ধন করেছেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের কর্মীরা। এ সময় তাঁরা অবিলম্বে ওই ভবনের নির্মাণকাজ বন্ধ ও দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, দখলদারেরা নদের জায়গা দখল অব্যাহত রাখলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
কপোতাক্ষ নদটি ঝিনাইদহের মহেশপুর হয়ে কোটচাঁদপুর শহর দিয়ে যশোরের চৌগাছা হয়ে কেশবপুরে চলে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই নদের জায়গা দখল করা হয়েছে। সম্প্রতি কোটচাঁদপুর শহরসংলগ্ন মহেশপুর উপজেলার সীমান্তে ব্রিজঘাট এলাকায় নদের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা শিমুল হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন এই ভবন নির্মাণ করছেন। সেতুর নিচে প্রায় ছয় শতক জমি দখল করে এই ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে।