কপোতাক্ষ থেকে অবাধে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে কেশবপুরের কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এর ফলে নদের পাশের ত্রিমোহিনী বাজার এবং এর আশপাশের এলাকা হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা বিক্রির জন্য এই বালু তুলছেন।

সরেজমিনে দেখা যায়, ত্রিমোহিনী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে ড্রেজার (খননযন্ত্র) বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু তুলে প্রায় ১ হাজার ৮০০ ফুট দূরে ত্রিমোহিনী বালিকা বিদ্যালয়ের পাশে একটি ফাঁকা জায়গায় তা স্তূপ করা হচ্ছে। এখান থেকে ট্রাক ও ট্রলিতে করে বালু বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান এলাকাবাসী। গোপালপুরের আড়ুয়ার মাথা থেকে ত্রিমোহিনী বাজার পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় বালু তোলা হচ্ছে।

অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে ড্রেজিংয়ের ফলে তীর ভাঙনের শিকার হতে পারে, এসব ক্ষেত্রে নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে ত্রিমোহিনী বাজারের ব্যবসায়ী এবং এর আশপাশ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুর রউফ, বাবর আলী সরদার এবং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য ফারুক হোসেন বালু উত্তোলন করছেন।

ত্রিমোহিনী বাজারের একটি চায়ের দোকানে এ বিষয়ে কথা উঠলে দিপু বিশ্বাস নামে এক ব্যক্তি নিজেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা বলে পরিচয় দেন। তিনি ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে বালু ওঠানোর কথা বলেন। বালু কিনতে চাইলে সেখানে বসে থাকা বাবর আলী সরদার বলেন, এক ট্রাক বালুর দাম ২ হাজার ৪০০ টাকা। পরে এ প্রতিবেদকের পরিচয় পেয়ে তিনি বলেন, ‘আমি বালু বিক্রি করি না। নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান বালু ওঠাচ্ছেন। রাস্তার কাজে লাগাবেন।’

দিপু বিশ্বাস বলেন, নদের ৮০ ফুট নিচে থেকে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের বাড়ি ও দোকানগুলোর ক্ষতি হচ্ছে বললে তিনি বলেন, নদের মাঝখান থেকে বালু ওঠানো হচ্ছে। ফলে কোনো ক্ষতি হবে না। বালু উত্তোলনের জন্য অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তিনি শুধু টাকার বিনিময়ে বালু উত্তোলন করে দেন। এ ব্যাপারে সব দায়িত্ব চেয়ারম্যানের।

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘বালু ওঠানো হচ্ছে জানি। তবে কে বালু ওঠাচ্ছে, তা বলতে পারব না।’

বাজারের মুদি দোকানদার আবদুল ওহাব ও সাহেব আলী বলেন, যেভাবে বালু ওঠানো হচ্ছে, তাতে বাজারটি নদে বিলীন হয়ে যেতে পারে। নদ পাড়ের বাসিন্দা আবদুল মান্নান বলেন, এভাবে বালু ওঠালে ভবিষ্যতে তাঁদের বাড়ি বিলীন হয়ে যাবে।

গোপালপুর আড়ুয়ার মাথা এলাকায় মিজানুর রহমান বালু উত্তোলন করছিলেন। পরে এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ জানান। মিজানুর রহমান বলেন, ‘ওই এলাকায় মানুষ বাধা দিলে আমি মেশিন উঠিয়ে নিয়ে আসি।’

এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া জেলে পাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, তাঁদের এলাকায় ফারুক হোসেন বালু উত্তোলন করেন। বড় বৃষ্টি হলেই এখানে ধস নামতে পারে। ফারুক এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকার বালু বিক্রি করেছেন।

ফারুক হোসেন বলেন, তিনি ৩০-৪০ ফুট নিচে থেকে বালু উঠিয়েছেন। প্রশাসন ও ভূমি কার্যালয় বালু তোলার বিষয়টি জানে। কেউ বাধা দেয়নি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব মোল্লা বলেন, পাউবো বালু ওঠানোর অনুমতি দিতে পারে না। জেলা প্রশাসক অথবা ইউএনও এই অনুমতি দিতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, বালু ওঠানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। যারা বালু ওঠাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।