কবর ও শ্মশানের জমিতে আ.লীগ নেতার বাগান!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের গোরস্থান ও শ্মশানের জমি দখল করে আওয়ামী লীগের এক নেতাসহ আটজনের বিরুদ্ধে আমবাগান করার অভিযোগ উঠেছে। উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও তাঁর সাত চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কুশারীগাঁও গ্রামের ২৮৬ জন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
ওই অভিযোগ সূত্রে জানা গেছে, কুশারীগাঁও গ্রামের ৮৭ জেএল নম্বর ও ১ নম্বর খতিয়ানভুক্ত ৮৪০, ৮৪১, ৮৪২, ৮৪৪ ও ৮৪৭ দাগের প্রায় ৮০ বিঘা জমি ‘কাপনিহার’ পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাড় মুসলমানদের গোরস্থান এবং উত্তর ও পূর্ব পাড় হিন্দুদের শ্মশান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। একই গ্রামের আওয়ামী লীগের নেতা মান্নান, তাঁর চাচাতো ভাই মো. লাল, সাহেদ আলী, গোলাম মোহাম্মদ, মোজাফ্ফর আলী, আবদুর রশিদ, শরিফ উদ্দীন ও আবু হোসেন মিলে পুকুরের চারপাশের গোরস্থান ও শ্মশানের জমি দখল করে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমবাগান তৈরির কাজ করছেন। দখলকারীরা পুরোনো কবরগুলো ভেঙে মাটি ফেলে এবং হিন্দুদের শ্মশানের জমিতে হালচাষ দিয়ে প্রায় ৩০ বিঘা জমিতে আমগাছের চারা রোপণ করেন।
অভিযোগকারী ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও কুশারীগাঁও গ্রামের মোবারক আলী বলেন, ‘আমাদের চৌদ্দগুষ্টি ওই গোরস্থানে শুয়ে আছেন। ইতিপূর্বে কেউ গোরস্থানের জায়গা দখল করেননি। অথচ মান্নানের নেতৃত্বে এবার আমাদের বাপ-দাদার আমলের গোরস্থানের ঐতিহ্য বিলীন করা হলো। আমরা সরকারের হস্তক্ষেপ চাই।’
কুশারীগাঁও গ্রামের যদুরাম রায় বলেন, ‘কাপনিহার পুকুরের উত্তর ও পূর্ব পাড়ের ঢালের জমিগুলো শ্মশান হিসেবে ব্যবহার করছেন আমাদের পূর্বপুরুষেরা। অথচ শ্মশানের জায়গা নিশ্চিহ্ন করে তাতে ঘেরা দিয়ে আমের বাগান করছেন প্রভাবশালী কয়েকজন লোক। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেছি।’
এ ব্যাপারে আবদুল মান্নান বলেন, ‘আমরা কাপনিহার পুকুরের চারপাশে ৮৪৭ দাগের মধ্যে কবরস্থানের জন্য রেকর্ডভুক্ত জমি বাদ দিয়েই ১৫ বিঘায় গাছ লাগিয়েছি। আমার বিরুদ্ধে তাঁদের অভিযোগ সত্য নয়। এগুলো আমাদের বাপ-দাদার সম্পত্তি, আমাদের কাগজ আছে।’
ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার হক বলেন, ‘আমি মান্নান ও তাঁর ভাইদের বাগান করতে নিষেধ করলে তাঁদের কাছে জমির বৈধ কাগজ আছে বলে তাঁরা আমাকে জানান। আমি বিষয়টি প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমি গতকাল রোববার বিকেলে ঘটনাস্থলে গেছি। কাগজপত্র দেখে গোরস্থান ও শ্মশানের প্রকৃত জায়গা চিহ্নিত করে দিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দিয়েছি।’