কবর খুঁড়ে পাওয়া গেল না লাশ
ফরিদপুরের সালথায় মৃত্যুর প্রায় দেড় বছর পর আদালতের নির্দেশে কবর খোঁড়ার পর অফাজদ্দিন মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়নি। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বর খোয়াড় গ্রামের অফাজদ্দিন মাতুব্বরের (৬০) লাশ তাঁর নিজ বাড়িতে পাওয়া যায়। বাড়িতে তিনি একাই থাকতেন। ওই দিনই তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
অফাজদ্দিন মাতুব্বরের কোনো সন্তান ছিল না। তাঁর প্রায় সাড়ে চার একর কৃষিজমিসহ অনেক সম্পদ ছিল। দাফন হয়ে যাওয়ার পর অভিযোগ ওঠে, সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে অফাজদ্দিনকে হত্যা করা হয়েছে।
গত ২৭ মার্চ অফাজদ্দিনের ভাতিজি মইফুল বেগম বাদী হয়ে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতে এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায়নজরুল মাতুব্বরসহছয়জনের নাম উল্লেখ করে আরও পাঁচজনকে আসামি করা হয়। বাদী কবর থেকে অফাজদ্দিনের লাশ উঠিয়ে ময়নাতদন্ত করার আবেদন জানান। আদালতের বিচারিক হাকিম মইনুল ইসলাম গত ২৬ এপ্রিল কবর থেকে লাশটি উঠিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী গত সোমবার বেলা ১১টার দিকে কবরস্থান থেকে লাশ উত্তোলন করতে যান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু কবর খুঁড়ে লাশের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
বাদী মইফুল বেগমের জামাতা মো. শাহজাহান মোল্লা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনে আদালতের আদেশ হওয়ার পর আসামিরা অফাজদ্দিনের লাশটি গোপনে কবর থেকে তুলে গায়েব করে ফেলেছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, ‘আদালতের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খানকে নিয়ে কবরস্থানে যাই। কিন্তু কবর খুঁড়ে অফাজদ্দিনের লাশ পাওয়া যায়নি।’
নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান বলেন, ‘কবর খুঁড়ে আমরা লাশটি পাইনি। তবে কবর থেকে পাওয়া কাফনের কাপড়ের কিছু অংশ ও ওই কবরের কিছু মাটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’ তবে কবর খুঁড়ে লাশ তুলে নেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।