পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাড়ৈখালী গ্রাম থেকে ফাতেমা তুজ জোহরা (২৩) নামের এক কলেজছাত্রীর লাশ ২১ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে নির্বাহী হাকিম আরিফুল হকের উপস্থিতিতে গতকাল শুক্রবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গত ১৯ জুন ফাতেমা তুজ জোহরা মারা যান।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের বর্ণনা, জিয়ানগর উপজেলার বাড়ৈখালী গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে ফাতেমা তুজ জোহরা মিরপুর বাংলা কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। একই কলেজে পড়াশোনা করেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাহিদ মাহমুদ (২৭)। জাহিদ ফাতেমাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। গত ১৩ জুন জাহিদ ফাতেমার কাফরুলের বাসায় গিয়ে তাঁকে উত্ত্যক্ত করেন। পর মেয়েটি বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ১৯ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই দিন ফাতেমার লাশ ঢাকা থেকে বাড়ৈখালী গ্রামে এনে দাফন করা হয়। ২৭ জুন তোফাজ্জেল হোসেন বাদী হয়ে তাঁর মেয়েকে (ফাতেমা) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জাহিদ মাহমুদকে প্রধান আসামি করে কাফরুল থানায়
মামলা করেন। মামলার পর আদালত কবর থেকে লাশ উদ্ধারের আদেশ দেন। জাহিদ বর্তমানে কারাগারে রয়েছেন।