কবরীর কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে জেলা পরিষদ
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর একটি কার্যালয় গতকাল বুধবার গুঁড়িয়ে দিয়েছে জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণঞ্জ-পাগলা সড়কের ফতুল্লার দাপা এলাকায় গতকাল দুপুরে কবরীর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘হাইরাইজ মাল্টি পারপাস বিল্ডিং’ ও ‘বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র’ নামে দুটি ১২ তলাবিশিষ্ট প্রস্তাবিত ভবনের স্থান নির্ধারণ করে সাইনবোর্ড লাগানো হয়েছে। এ সময় জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম রাশেদুজ্জামান, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
কবরী অভিযোগ করেন, সাংসদ থাকার সময় তিনি চারদিকে দেয়াল, ওপরে টিনসেড দিয়ে এই কার্যালয়ে বসে এলাকার লোকজনের সঙ্গে কথা বলতেন ও দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। এখানে একটি প্রতিবন্ধী বিদ্যালয় করার জন্য জেলা পরিষদের ইজারা (লিজ) চেয়ে তিনি আবেদন করেছিলেন। কিন্তু জেলা পরিষদ তাঁকে কিছু না জানিয়ে গতকাল দুপুরে কার্যালয়টি গুঁড়িয়ে দিয়েছে। কার্যালয়ে রাখা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাব ও ফাইলপত্র লুট করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই জানান, ১৯৩৩ সালে তৎকালীন ঢাকা জেলা পরিষদ এ জমিটি অধিগ্রহণ করেছিল। এক একর আয়তনের এই জমিটি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মামলা চলছিল। গত বছরের ২৫ অক্টোবর মামলার সর্বশেষ রায় জেলা পরিষদের পক্ষে আসে। জমিতে ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলেই ভবন নির্মাণের কাজ করা হবে।
আবদুল হাই সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর অভিযোগ অস্বীকার করে জানান, সাংসদ থাকার সময় কবরী প্রথমে নিজের ও পরে ছেলের নামে ইজারা চেয়ে ব্যর্থ হয়ে একটি এনজিওর নামে জেলা পরিষদের কাছে ওই জায়গা ইজারা চেয়েছিলেন। ওই সময় তাঁর কোনো ইজারার আবেদন জেলা পরিষদ গ্রহণ করেনি। জেলা পরিষদ সম্প্রতি মামলার রায় পেয়ে ওই জমিতে কয়েক হাজার মানুষের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেয়। কার্যালয় থেকে কোনো ছবি, ফাইল ও আসবাবপত্র লুটের অভিযোগ সত্য নয়।