কবরে মিলল বিমা কর্মকর্তার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন আগে নিখোঁজ মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির লোকবিমা বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জের লোহাগাড়া শাখার সমন্বয়কারী (বিসি) মো. আজিমউদ্দীনের (৪৮) লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে লাশটি পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
পীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের মুন্সিপাড়া মহল্লার আজিমউদ্দীনের সঙ্গে ওই কোম্পানিরই এক নারীকর্মীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ২০১৩ সালে তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন।
পৌর মেয়র রাজিউর রহমান বলেন, ‘তালাকের কয়েক মাস পর ২০১৪ সালের প্রথম দিকে আমি আজিমউদ্দীন ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ মিটিয়ে দিই। তাঁরা আবার সংসার করতে থাকেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রতিদিনের মতো ১০ মার্চ সকালে আজিমউদ্দীন বাড়ি থেকে বিমার কাজে বেরিয়ে নিখোঁজ হন। কোথাও সন্ধান না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাটি থানায় জানান। গতকাল পীরডাঙ্গী কবরস্থানের একটি পুরোনো কবরের গর্তে একটি লাশ পরে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের চেহারা থেঁতলানো ছিল। পরে আজিমউদ্দীনের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। কয়েক দিন আগে আজিমউদ্দীনকে হত্যার পর শনিবার রাতে লাশটি কবরস্থানে এনে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সফিকউজ্জামান বলেন, বিমা কোম্পানির ওই নারী কর্মকর্তাসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে গতকাল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে আটক করা হয়েছে।