ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীনের বাড়িতে তাঁর পুত্রবধূ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্টু শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও কবির পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার সকালে মিন্টুর নেতৃত্বে কয়েকজন ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লিকবির বাড়িতে যান। তাঁরা সেখানে অবস্থানরত কবিপুত্র ড. জামাল আনোয়ারের স্ত্রীকে লাঞ্ছিত করেন। পরে তাঁরা কবির বাড়ির জাদুঘরে রাখা কবির স্মৃতিচিহ্ন বিভিন্ন দেশের ১০০টি মুদ্রা নিয়ে যান। এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়। জামাল আনোয়ার বর্তমানে জার্মানিতে থাকায় সেখান থেকে তিনি বিষয়টি প্রশাসনকে জানান।
কবির পুত্রবধূ রাজিয়া আনোয়ার অভিযোগ করেন, ‘এ চক্রটি কবির বাড়িটি ঘিরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আমরা তাদের বাধা দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত কয়েক দিন ধরে আমাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিল। মঙ্গলবার মিন্টু আমাকে লাঞ্ছিত করে।’
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার রাতে কবির পুত্রবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই রাতেই গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে মিন্টু শেখকে গ্রেপ্তার করা হয়।