কবি নজরুল কলেজ কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল
পুরান ঢাকার কবি কাজী নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা গেছে।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে কলেজের দ্বিতীয় তলায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। এ সময় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চুপ থাকতে দেখা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথমে বলেন, ‘কোনো অনিয়ম হচ্ছে না।’ এ বিষয়ে আবার এই প্রিসাইডিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
এর আগে কেন্দ্রটিতে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানায় সেখানে কর্তব্যরত পুলিশ। একপর্যায়ে কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যালটে সিল মারছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ৪২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রটিতে বেলা ১২টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সেলিম হাজির সমর্থকদের সঙ্গে কলেজের ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মিনিট দশেক পর কলেজ প্রাঙ্গণে দুইটি ককটেল বিস্ফোরিত হয়।

পুরান ঢাকায় কবি নজরুল কলেজ ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া চলছে। ছবিটি আজ বেলা ১টার দিকে তোলা।

বেলা ১টার দিকে ভোটার শূন্য পুরান ঢাকায় কবি নজরুল কলেজ ভোটকেন্দ্র। বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়ার কথা।

কবি নজরুল কলেজে দু পক্ষের সংঘর্ষে আহত সাংবাদিক ইন্দ্রজিত্ ঘোষ।

কবি নজরুল কলেজে দু পক্ষের সংঘর্ষে আটকে পড়েন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। তিনি ভোট দেখতে সেখানে গিয়েছিলেন।

কবি নজরুল কলেজে সরকার দলীয় সমর্থকেরা বিরোধী সমর্থকদের ওপর চড়াও হয়।

কবি নজরুল কলেজে সংঘর্ষ চলাকালে এভাবেই ঘুরে বেড়াচ্ছিলেন সরকার দলীয় সমর্থকেরা।

কবি নজরুল কলেজের সামনে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রের ভেতরে আজ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে আজ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে আজ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ঢিল ছুড়ছেন একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচনী সহিংসতার শিকার এক শিশু। খিলগাঁও এলাকায় আজ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংঘর্ষ চলাকালে আহত হয় সে।