কবিরহাটে এনজিও কর্মকর্তা ৩০ লাখ টাকা নিয়ে উধাও
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সোসাইটি ফর পিস চ্যারিটি (এসপিসি) নামের একটি উন্নয়ন সংস্থার (এনজিও) এক মাঠ কর্মকর্তা গ্রাহকদের প্রায় ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গাভি ঋণ দেওয়ার লোভ দেখিয়ে গ্রামীণ হতদরিদ্র নারীদের কাছ থেকে ওই টাকা সংগ্রহ করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ কয়েক শ ভুক্তভোগী নারী-পুরুষ গত বুধবার বিকেলে স্থানীয় আবদুল্যাহ মিয়ারহাট সংস্থার কার্যালয় ঘেরাও করে রাখেন। পরে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে লোকজন শান্ত হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংস্থার আবদুল্যাহ মিয়ারহাট কার্যালয় থেকে সদর উপজেলার অশ্বদিয়া ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নে ঋণ কার্যক্রম পরিচালনা করতেন মাঠ কর্মকর্তা আবদুল হামিদ ওরফে কিরণ (৩৫)। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের শরিফপুর গ্রামে।
সম্প্রতি মাঠ কর্মকর্তা আবদুল হামিদ সংস্থার নিয়মিত ঋণ কার্যক্রমের অংশ হিসেবে তিনটি ইউনিয়নের ২৩টি সমিতির সদস্য গ্রামীণ হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে গাভি ঋণ হিসেবে দেওয়ার লোভ দেখান। এতে সদস্যদের প্রায় সবাই রাজি হন।
পরবর্তী সময়ে আবদুল হামিদ প্রত্যেক সমিতির দলনেত্রীর মাধ্যমে গাভি আনার গাড়ি ভাড়া বাবদ এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় শুরু করেন। এভাবে বেশ কিছু সদস্যের কাছ থেকে টাকা আদায়ের পর বিষয়টি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জেনে যান।
এদিকে গত বুধবার সকালে আবদুল হামিদ কার্যালয় থেকে উধাও হয়ে যান। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কার্যালয়ে আসেন। এরপর বিষয়টি জানাজানি হলে বিকেলে সংস্থার কয়েক শ সদস্য এসে কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় ক্ষুব্ধ সদস্যরা তাঁদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন।
সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের শিউলি সমিতির দলনেত্রী শাহিনুর বেগম অভিযোগ করেন, তাঁদের ইউনিয়নে একেকটি সমিতির সদস্য ৩০-৩৫ জন। এঁদের প্রত্যেকের কাছ থেকে আবদুল হামিদ সর্বনিম্ন এক হাজার টাকা, সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। এর মধ্যে শিউলি সমিতি থেকেই নেওয়া হয়েছে ৫২ হাজার টাকা।
তবে অভিযুক্ত মাঠ কর্মকর্তা আবদুল হামিদের বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে ফোন দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে চাইলে গ্রাহকদের (সদস্য) টাকা নিয়ে আবদুল হামিদ উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সংস্থার প্রধান নির্বাহী রফিকুল ইসলাম।
মুঠোফোনে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুল হামিদের অনিয়মের বিষয়টি এরই মধ্যে অডিটে ধরা পড়েছে। গত বুধবার থেকে তাঁর খোঁজ নেই, কার্যালয়ে অনুপস্থিত। এ অবস্থায় তিনি যাঁদের কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, তাঁদের তালিকা তৈরি হচ্ছে। তালিকা শেষ হলে টাকা ফেরত দেওয়া হবে এবং আবদুল হামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।