কবিরহাটে বিএনপির প্রার্থীকে প্রচারণায় বাধা
নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ছারওয়ারের নির্বাচনী প্রচারণায় বাধা ও তাঁর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ছাড়া দুপুরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পোস্টার লাগানোর সময় দুই সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। আহতরা হলেন দ্বীন ইসলাম (৪৫) ও দিদার উদ্দিন (৩০)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের বিএনপির প্রার্থী গোলাম ছারওয়ার অভিযোগ করেছেন, গতকাল বেলা তিনটার দিকে তিনি তাঁর কর্মীদের নিয়ে ২ নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকায় প্রচারণা চালানোর উদ্দেশে বের হন। পথে ৮-১০টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাঁদের গতি রোধ করেন। এ সময় তাঁকে গালমন্দ করেন এবং মারধর করার চেষ্টা করেন। নৌকার প্রার্থী মহিউদ্দিন ছাড়া অন্য কারও পক্ষে প্রচারণা চালানো যাবে না বলে তাঁকে হুমকি দেন যুবকেরা।
গোলাম ছারওয়ার বলেন, এ ঘটনার পর তিনি বাড়িতে চলে আসেন। বিকেল সোয়া চারটার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাঁর বাড়ির দক্ষিণ ফটকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
তবে বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন। তিনি দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর বিএনপির প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে এখন নানা অপপ্রচারে নেমেছেন। তাঁর দাবি, বিএনপির প্রার্থী বিনা বাধায় প্রচারণা চালাচ্ছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, প্রচারণায় বাধা কিংবা বাড়ির ফটকে ককটেল বিস্ফোরণের বিষয়ে বিএনপি প্রার্থী থানায় কিছু জানাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল বেলা দুইটার দিকে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট বাজারে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আজাদের দুই সমর্থক নৌকার পোস্টার লাগাতে গেলে তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলাউদ্দিন আজাদ অভিযোগ করেছেন, দলের বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আবদুল হালিম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, নৌকার দুই সমর্থক খাসেরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তাঁর সমর্থকেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাঁর প্রতিদ্বন্দ্বী।
জানতে চাইলে হাতিয়া থানার ওসি এ টি এম আরিছুল হক বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এতে নৌকার প্রার্থীর দুজন সামান্য আঘাত পেয়েছেন। তবে থানায় লিখিত কোনো অভিযোগ কেউ করেনি।