কবিরাজ দিয়ে চিকিৎসা, হাত গেল তরুণের
গ্রাম্য এক কবিরাজের ভুল চিকিৎসায় এক তরুণের হাত কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা রংপুরের বদরগঞ্জ উপজেলায় ঘটেছে। এই ঘটনায় ওই তরুণ কবিরাজ ও তাঁর ছেলের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর বদরগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছে।
ওই তরুণের নাম ইছমুল হক (২০)। তিনি বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের মমতাজ আলীর বড় ছেলে। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ অক্টোবর বিকেলে বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন ইছমুল। এ সময় পড়ে গিয়ে বাঁ হাতের কনুইতে আঘাত পান তিনি। ওই দিন তাঁর চিকিৎসার জন্য রংপুর সদর উপজেলার জানকি তাঁতিপাড়া গ্রামের কবিরাজ আবদার রহমানকে মুঠোফোনে বাড়িতে ডাকে তাঁর পরিবার। এ সময় আবদার তাঁর ছেলে আতিকুর রহমানকে ইছমুলদের বাড়িতে পাঠান। তখন আতিকুর তাঁদের বলেন, ইছমুলের বাঁ হাতের কনুইয়ের কাছের হাড় ভেঙে গেছে। এরপর আতিকুর তাঁর হাতটি টেনে সোজা করে বাঁশের বাতা (লম্বা ফালি) দিয়ে বাঁধেন। আতিকুর তাঁকে ১৬ অক্টোবর রংপুর শহরের দর্শনার মোড়ে অবস্থিত তাঁদের ভাই ভাই চিকিৎসালয় কেন্দ্রে নিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ওই কবিরাজের অপচিকিৎসায় ক্রমান্বয়ে ইছমুলের হাতে পচন ধরে মাংস খসে যেতে থাকে। ১০ নভেম্বর একজন জনপ্রতিনিধির নেতৃত্বে ইছমুলকে ওই কবিরাজের চিকিৎসাকেন্দ্র থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মাহফুজ রহমান স্বজনদের জানান, বাঁশের বাতা ও দড়ি দিয়ে বেঁধে দেওয়ায় হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এই অপচিকিৎসায় তাঁর হাতে পচন ধরেছে। দ্রুত তা কেটে ফেলতে হবে। ১৩ ডিসেম্বর ইছমুলের বাঁ হাতটি কনুইয়ের ওপর থেকে চিকিৎসকেরা কেটে ফেলেন। এ ঘটনায় গত মঙ্গলবার কবিরাজ আবদার রহমান ও তাঁর ছেলে আতিকুর রহমানের বিরুদ্ধে এজাহার দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই কবিরাজ তাঁর নিজের ও ভাই ভাই চিকিৎসালয়ের নামে প্রচারপত্র ও ভিজিটিং কার্ড তৈরি করে বিভিন্ন স্থানে বিলি করেছেন। কার্ডে লেখা রয়েছে, ‘“হাড় স্পেশালিস্ট ও হাড় বিশেষজ্ঞ, ভাই ভাই চিকিৎসালয়”। এখানে স্বপ্নে পাওয়া আশ্চর্য বনািজ ওষুধ দ্বারা যেকোনো জটিল ও কঠিন হাড়ভাঙা এবং মচকানোর চিকিৎসা গ্যারান্টি দিয়ে ভালো করা হয়।’
মুঠোফোনে কবিরাজ আতিকুর রহমান বলেন, ‘চিকিৎসা করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। তবে ইছমুলের পরিবারের সঙ্গে তা মিটমাট করে নিয়েছি।’
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে কবিরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’