কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল বৃহস্পতিবার ঝুলন্ত অবস্থায় এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি আমগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কবিরাজের নাম মুকুল হোসেন (৬০)। তিনি পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা ছিলেন। ধুনট বাজারে জালালী হারবাল ঔষধালয় নামে তাঁর একটি প্রতিষ্ঠান আছে।
প্রত্যক্ষদর্শী তিন ব্যক্তি বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে তাঁরা মুকুলের লাশ দেখেন। এ সময় তাঁর পরনে পায়জামা আর গলায় গামছার ফাঁস ছিল। এ ছাড়া লাশের পুরুষাঙ্গ রক্তমাখা ও বাঁ পায়ের হাঁটুতে আঘাতের চিহ্ন ছিল। পরে এলাকাবাসী কবিরাজের পরিবারের লোকজনকে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার চ্যাটার্জি বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। কবিরাজের মৃত্যুর কারণ সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।