কবুতর 'চুরি' করায় হত্যা

ময়মনসিংহের নান্দাইলে কবুতর চুরি করায় এক ব্যক্তিকে গতকাল সোমবার ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (৩০)। তিনি উপজেলার অরণ্যপাশা গ্রামের বাসিন্দা।
মামুনের স্ত্রী আকলিমা খাতুন (২২) বলেন, গতকাল সকালে একই পাড়ার সাইদুর মিয়ার ছেলে রাসেল মিয়া (২০) তাঁদের বাড়িতে আসেন। ওই সময় তাঁর স্বামীর সঙ্গে কবুতর নিয়ে রাসেলের কথা-কাটাকাটি হয়। মামুনও কবুতর লালন-পালন করেন। একপর্যায়ে আর্তচিৎকার শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় রাসেলের হাতে রক্তাক্ত ছুরি ছিল। তিনিও চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে। এ সময় রাসেল পালিয়ে যান। পরে গুরুতর আহত মামুনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে তিনি মারা যান।
এদিকে অভিযুক্ত রাসেলকে বাড়িতে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রাসেলের মা-বাবা ঢাকায় থাকেন। মাসখানেক ধরে রাসেল বাড়িতে বসবাস করছেন। তাঁর এক জোড়া দামি কবুতর চুরি হয়।
নান্দাইল মডেল থানার ওসি ইউনুস আলী বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।