কম দামি ওষুধে দামি ওষুধের লেবেল, একজনের কারাদণ্ড
ব্যথানাশক অ্যাট্রোপাইন ইনজেকশনের ওপরের লেবেল পাল্টে সেটিকে ধনুষ্টঙ্কারের ইনজেকশন হিসেবে বাজারজাত করা হচ্ছিল। গ্যাস্ট্রিকের ওষুধের লেবেল পাল্টে করা হচ্ছিল হৃদ্রোগের ওষুধ স্টাফোর, প্লাস্টিকের বোতলে শুধু পানি ঢেলে নাকের ড্রপ বায়নোজলের মোড়ক লাগানো হচ্ছিল।
পুরান ঢাকার বংশাল এলাকার একটি বাসায় থাকা কারখানায় চলছিল এই লেবেল পাল্টানো ও মোড়ক লাগানো। গতকাল সোমবার বিকেলে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই কারখানা থেকে প্রচুর ওষুধ জব্দ করেন। এ ঘটনায় কারখানার মালিক আকবর হোসেন ভাসানীকে (৪০) ধরে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বাজারে যে ওষুধগুলোর দাম বেশি এবং বেশি বিক্রি হয়, সেই ওষুধগুলো নকল করে বিক্রি করতেন আকবর। যেমন—পাইকারি বাজারে ব্যথানাশক অ্যাট্রোপাইন ইনজেকশনের দাম দুই টাকা। এই ইনজেকশনের শুধু লেবেল বদলে দিয়ে তা ধনুষ্টঙ্কারের ইনজেকশন হিসেবে হাজার টাকায় বাজারে বিক্রি করছিলেন আকবর।