কমছে না ছিনতাই
মোটরসাইকেলে মিরপুর থেকে কচুক্ষেতের দিকে যাচ্ছিলেন মোশাররফ হোসেন ও আল-আমিন। তাঁদের সঙ্গে ছিল প্রায় ১২ লাখ টাকা। পেছন থেকে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা চার আরোহী তাঁদের পথরোধ করে। তারা মোশাররফের দুই হাতে ও আল-আমিনের ঊরুতে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর পুলিশ স্টাফ কলেজের সামনে বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর এক মাস কেটে গেছে। ছিনতাইকারী শনাক্ত হয়নি।
গতকাল রোববার বাড্ডায় মাহবুব নামের এক যুবককে গুলি করে হত্যা করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত লোকেরা। গত আড়াই মাসে রাজধানীর বিভিন্ন এলকায় অন্তত ১০টি সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে।
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। প্রায় প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো এলাকায় ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পুলিশের একটি সূত্র জানায়, পুলিশের নিয়মিত টহল কাজে লাগছে না। কেননা, ছিনতাইকারীরাও পুলিশের টহলের ওপর নজর রাখে। কোনো জায়গায় টহল শেষ করে পুলিশ চলে গেলে ছিনতাইকারীরা তৎপর হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, গত আড়াই মাসে রাজধানীতে অন্তত ১০০টি ছিনতাইয়ের ঘটনায় আহত হয়ে লোকজন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসেই প্রায় ৫০টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ে বড় অঙ্কের অর্থ খোয়া গেলে লোকে মামলা করেন। তবে ছোটখাটো ঘটনাগুলোতে মামলা বা সাধারণ ডায়েরি করা হয় না। ফল পাওয়ার নজির কম বলেই ভিকটিমরা আগ্রহ বোধ করে না।
ঢাকা মেট্রোপলিটান (ডিএমপি) পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, ছিনতাই পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রতিটি থানায় নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী সবাই কাজ করছেন।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের শিকার হন আনসার আলী লিমন। তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর শাহবাগ থানায় একটি মামলা করেন লিমন। গত শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি। ছিনতাই হওয়া টাকা, মুঠোফোন ফেরত পাইনি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঢাকায় অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা ঘটে ভোরের দিকে। আর সবচেয়ে বেশি ছিনতাই হয় সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায়। তিনি বলেন, এ দুই এলাকায় বাস টার্মিনাল থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে রাতের বাসগুলো ভোরের দিকে টার্মিনালে ঢোকে। এরপর যাত্রীরা গন্তব্যে পা বাড়ালে ছিনতাইকারীর কবলে পড়ে।
এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জিয়াউর রহমান বলেন, ছিনতাই পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। আগে পাড়ার উঠতি মাস্তানরা ছিনতাই করত। এখন এই প্রবণতা কমে গেছে। বর্তমান সময়ে যারা ছিনতাই করছে, তাদের অধিকাংশই মাদকসেবি।