কমনরুমে ঢুকে কলেজছাত্রীকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি কলেজের কমনরুমে ঢুকে এক ছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই যুবক ছাত্রীটিকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই মেয়েটির বাবা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকার লোকজন, প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা প্রিয়তম ঘোষ ওরফে প্রীতম (২৪) কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন।
গতকাল ওই ছাত্রী কলেজে গেলে দুপুরের দিকে প্রীতমও তার খোঁজে কলেজে যান। একপর্যায়ে কলেজের কমনরুমে ঢুকে তিনি ওই ছাত্রীকে একাধিক চর-থাপ্পড় মারেন। এ সময় অন্যরা এগিয়ে এলে প্রীতম পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
আখাউড়া শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘ওই যুবক দীর্ঘদিন ধরে এই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত বলে মেয়েটির পরিবার আজ (গতকাল) আমাদের জানিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছেলের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, প্রীতমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।