কমপ্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর চকবাজারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কমপ্রেসর বিস্ফোরণে দগ্ধ পাঁচ ব্যক্তির মধ্যে একজন মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মাসুম (৩৫)। তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। চকবাজারে তাঁর ব্যবসা ছিল।
২ জুলাই চকবাজার হরনাথ ঘোষ রোডের তাবা ইলেকট্রনিকসে এসির কমপ্রেসর বিস্ফোরিত হয়ে দোকানমালিকসহ পাঁচজন দগ্ধ হন। দোকানমালিক মামুনুর রশিদের ভাই মারুফ হোসেন জানান, ঈদের ছুটি শেষে ওইদিন বেলা ১১টার দিকে মামুনুর রশিদ দোকান খোলেন। এ সময় কয়েকজন ক্রেতা আসেন দোকানে। হঠাৎ একটি এসির কমপ্রেসর বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দোকানে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা পাঁচজন দগ্ধ হন। নিহত মাসুম তাঁর ভাইয়ের বন্ধু ছিলেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ দেওয়ান বলেন, ময়নাতদন্ত ছাড়াই মাসুমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।