কমলগঞ্জে গৃহবধূ ও ভৈরবে ছাত্রকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে তাঁর স্বামী গত শুক্রবার নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের ভৈরবে এক মাদ্রাসাছাত্রকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে পুলিশ এক স্কুলছাত্রী ও এক গৃহবধূ এবং কেন্দুয়া থেকে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে।

নিহত পাঁচজন হলেন কমলগঞ্জের পতনউষার গ্রামের জহিরুল হক চৌধুরীর স্ত্রী জুবেরা বেগম (৪০), রানীবাজার এলাকার মোমতাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম মিয়া (১২), রায়পুর উপজেলার সাইছা গ্রামের প্রবাসী জাফর আহম্মদের স্ত্রী নাজমা আক্তার (৩৫), চর ইন্দুরিয়া গ্রামের মফিজ বেপারীর মেয়ে ইয়াসমিন আক্তার (১২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফতেপুরকান্দাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে পোশাককর্মী হাবিবুর রহমান (২২)।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কমলগঞ্জ (মৌলভীবাজার): থানার পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, পতনউষার গ্রামের ব্যবসায়ী জহিরুল হক চৌধুরীর সঙ্গে ২০ বছর আগে ভাদাইর দেউল গ্রামের মৃত নানু মিয়ার মেয়ে জুবেরা বেগমের বিয়ে হয়। পাঁচ বছর আগে জহিরুল হক দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। কমলগঞ্জ থানায় গতকাল সকালেই জুবেরার ভাই শহীদ মিয়া নির্যাতন করে হত্যার বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন ও তাঁর বোনের লাশের ময়নাতদন্ত করার দাবি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবু সায়েম মো. আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। শহীদ মিয়া অভিযোগ করেন, জহিরুল শারীরিকভাবে নির্যাতন করায় রাতেই তাঁর বোন মারা যান। তাঁর বোনের সারা শরীর কালো হয়ে গেছে। তবে জুবেরার স্বামী জহিরুল হক দাবি করেন, তাঁর স্ত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়নি।

ভৈরব (কিশোরগঞ্জ): ইব্রাহিমের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় ইব্রাহিম সকালে বাড়িতে আসে। দুপুর সাড়ে ১২টার মধ্যে সে মাদ্রাসায় ফিরে যায়। বেলা তিনটার দিকে সহপাঠীরা মাদ্রাসার ভান্ডারকক্ষের ভেন্টিলেটরের সঙ্গে ইব্রাহিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার বিকেলে পরিবারের সদস্যদের কাছে ইব্রাহিমের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

ইব্রাহিমের মা সুলতানা রাজিয়া বলেন, ‘আমার ছেলের আত্মহত্যার কোনো কারণ থাকতে পারে না। আমার ধারণা, কোনো শিক্ষক তাকে শাসন করার সময় গলায় চাপ দিয়ে ধরে রাখতে পারেন। এতে তার মৃত্যু হয়েছে। এর আগেও শিক্ষকেরা তাকে এভাবে নির্যাতন করেছে।’

জানতে চাইলে হাজী জনাব আলী আদর্শ ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর উদ্দিন আহমেদ বলেন, ইব্রাহিমের সঙ্গে তাঁর সর্বশেষ দেখা হয় শুক্রবার সকাল সাতটার দিকে। এরপর আর তাঁর সঙ্গে কথা হয়নি।

রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে রায়পুর উপজেলার চরইন্দুরিয়া গ্রামের একটি বাগান থেকে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্কুলছাত্রী ইয়াসমিন আক্তারের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। সে দক্ষিণ চরইন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এ ছাড়া বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব সাগরদী গ্রামের শ্বশুরবাড়ির বাগানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাজমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার মাস্কা সোয়েটার কারখানার কর্মী হাবিবুর রহমান গত শুক্রবার রাতে পাশের মামার বাড়ি থেকে খাবার খেয়ে বাড়িতে আসেন। এরপর তিনি ছোট ভাই জিয়াউর রহমানের সঙ্গে বৈঠকঘরে ঘুমান। গতকাল সকালে ঘুম থেকে উঠে জিয়াউর বড় ভাই হাবিবুরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে স্থানীয় লোকজন হাবিবুরদের বাড়ির পেছনের একটি হাওরের ধানখেতে তাঁর (হাবিবুর) মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।