কমলগঞ্জে চা-শ্রমিককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোনকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে শাসন করেন এক ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানে। পুলিশ ওই বখাটেকে আটক করেছে।
আহত হওয়া ব্যক্তির নাম স্বপন দেব ফুলমালি (২৬)। তিনি ফুলবাড়ী চা-বাগানের শ্রমিক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী চা-বাগান পঞ্চায়েত সভাপতি রবি বাউরি ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, হারাধন সাঁওতাল (২০) নামের এক চা-শ্রমিক নন্দরানী চা-বাগান থেকে প্রায় এক বছর আগে এই চা-বাগানে এসে এক আত্মীয়ের বাড়িতে থাকা শুরু করে। হারাধন চা-বাগানে অস্থায়ী শ্রমিকের কাজ করছিল। হারাধন প্রায়ই ১০ নম্বর শ্রমিক বস্তির চা-শ্রমিক স্বপন দেব ফুলমালির বোনকে উত্ত্যক্ত করত। এ ঘটনায় স্বপন দেব সহযোগীদের নিয়ে গত শুক্রবার সন্ধ্যার পর হারাধনকে পিটুনি দেন। এতে ক্ষিপ্ত হয়ে হারাধন দৌড়ে গিয়ে ঘর থেকে দা এনে স্বপন দেবের গলায় কোপ দেয়। ঘটনার পর রাতেই ফুলবাড়ী চা-বাগানের শ্রমিকেরা হারাধনকে আটক করে কমলগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে হারাধনকে আটক করে থানায় নিয়ে যায়।