কমলগঞ্জে ছাত্রীর ভাইকে মারধর করল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই ছাত্রীর ভাইকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ছাত্রীর অপর এক ভাই কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাধবপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কাটাবিল গ্রামের শাকিল মিয়া (২০), জমশেদ মিয়া (২৫), আরমান মিয়াসহ (২১) কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করছে। গত মঙ্গলবার অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পথরোধ করে আবারও তারা তাকে উত্ত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানুর বাড়ির সামনে শাকিল মিয়া ও আরমান মিয়ার নেতৃত্বে ১০-১২ জন বখাটে ওই ছাত্রীর বড় ভাইকে মারধর করে। সন্ধ্যার পর ওই বখাটেরা ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে। এ নিয়ে নোয়াগাঁও ও কাটাবিল গ্রামের লোকজন দা, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিলে ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার প্রাথমিকভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা করেন। পরে তিনি কমলগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ এনে সাময়িকভাবে উত্তেজনার নিরসন করেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটিকে মামলাভুক্ত করে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বখাটেদের মধ্যে মাধবপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির দুই ছাত্রও রয়েছে। তাদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
মাধবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই ছাত্রকে বহিষ্কার করার ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি চিন্তা-ভাবনা করছে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুল হক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেবে।