মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানে ছুরিকাঘাতে গোপাল অলমিক (১৮) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। গত মঙ্গলবার মুঠোফানের মেমোরি কার্ড নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
গোপাল শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও মাধবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পাত্রখোলা চা-বাগানের শ্রমিক লক্ষ্মী অলমিকের ছেলে গোপালের সঙ্গে একই বাগানের পালিয়া মাদ্রাজির (৩৪) মুঠোফোনের মেমোরি কার্ড নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে পাত্রখোলা বাজার লাইনে গোপালের বাসার সামনেই তাঁকে একা পেয়ে ছুরিকাঘাত করেন পালিয়া মাদ্রাজি। এ সময় গোপালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে রাত আটটার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে পাত্রখোলা চা-বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী জানান, পালিয়া মাদ্রাজী ঢাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন। তিনি কিছুদিন আগে বাড়ি আসেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে পালিয়া মাদ্রাজি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক গতকাল বুধবার বেলা তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনার তদন্ত চলছে। গোপালের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।