কমলগঞ্জে ছেলের হাতে মা খুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে এক নারী শ্রমিককে ছুরিকাঘাতে তাঁর ছেলে খুন করেছেন।
এলাকাবাসী ছেলেটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল রোববার দুপুরে শমমেরনগর চা-বাগানের রবিদাস শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফুল কুমারী রবিদাস (৪৮)।
খোঁজ নিয়ে জানা যায়, চা-শ্রমিক ফুল কুমারী ও সমরজিৎ রবিদাসের (৫০) ছেলে চন্দন রবিদাস (২৪)। চন্দনও চা-শ্রমিক। পারিবারিক কলহের জের ধরে গতকাল বেলা দেড়টার দিকে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন চন্দন।
একপর্যায়ে মায়ের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ফুল কুমারী মারা যান। এলাকাবাসী ছেলেটিকে ধরে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
ছেলে চন্দন রবিদাস থানাহাজতে বসে মাকে হত্যার কথা স্বীকার করেছেন।
নিহত নারীর স্বামী সমরজিৎ ঘটনার কথা স্বীকার করে বলেন, কিছুদিন ধরে ছেলের কথাবার্তা ভালো লাগছিল না। তাই তাঁকে কবিরাজ দেখানো হচ্ছিল। শমশেরনগর চা-বাগানের ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন হয়ে কাজটি করেছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।