কমলগঞ্জে ধানি জমির মাটি অবাধে বিক্রি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিচু জায়গা ভরাট, ইটভাটায় ইট তৈরিসহ নানাবিধ কাজে ব্যবহারের জন্য অবাদে বিক্রি করা হচ্ছে ধানি জমির মাটি। শীতের এই সময়ে ইট তৈরিসহ নানা নির্মাণকাজ বেড়ে যাওয়ায় জমে উঠেছে জমির মাটি বেচাকেনার ব্যবসা। এতে ভবিষ্যতে এলাকার ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর ও খুশালপুর, আরীনগর ইউনিয়নের জালালিয়া, কামুদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়েছে। আবাদি জমির ওপর থেকে এক থেকে দুই ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে। কৃষকদের কাছ থেকে এ মাটি কিনে একশ্রেণির ব্যবসায়ী তা ট্রাক্টর, ট্রাক ও ট্রলিতে করে ইটভাটা কিংবা নিচু জমি ভরাটের কাজে নিয়ে যাচ্ছেন। সাধারণত অভাবী কৃষকেরা এ মাটি বিক্রি করছেন।
মাটি কাটা শ্রমিকেরা বলেন, তাঁরা ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন জনের ধানি জমির ওপরের স্তরের দুই ফুট করে কেটে নিচ্ছেন। এই মাটির জন্য জমির মালিককে টাকা দেওয়া হয়েছে। এই অবস্থা উপজেলার প্রায় সব ইউনিয়নে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মাটি ক্রেতা বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে নগদ টাকায় মাটি কিনে নিচ্ছি। পরে তা শ্রমিক দিয়ে ট্রাক, ট্রাক্টর ও ট্রলিতে তুলে নিয়ে যাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক ধানি জমির মাটি বিক্রিকারী এক কৃষক বলেন, নগদ টাকার খুব দরকার ছিল। তাই জমির ক্ষতি হচ্ছে বুঝেও মাটি বিক্রয় করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ বলেন, জমির উবর্রতা শক্তি ওপর থেকে গভীরে ১৫ থেকে ২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই ওপরের স্তরের মাটি সরিয়ে ফেলায় জমির উবর্রতা শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব জমির উর্বরতা শক্তি আগের মতো হতে কমপক্ষে ১০ থেকে ১৫ বছর লাগবে। তিনি আরও বলেন, ‘স্থানীয় কৃষকদের মাটি বিক্রির ক্ষতিকর দিক সম্পর্কে বারবার সচেতন করা হলেও তাঁরা আমাদের কথা শুনছেন না। নগদ টাকার আশায় তাঁরা মাটি বিক্রি করছেন। এ অবস্থা চলতে থাকলে একসময় ফসল উৎপাদন বিপর্যয়ের মুখে পড়তে পারে।’