কমলগঞ্জে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জে এক নৈশপ্রহরীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, প্রতি রাতের মতো গতকাল শুক্রবার সারা রাত বৃন্দাবনপুর বাজারের নৈশপ্রহরী সুফিয়ান মিয়া (৪০) পাহারা দিলেও ভোরে একটি ঘরের চালার সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল সকাল নয়টায় লাশটি উদ্ধার করে।
গ্রামবাসীর ধারণা, নিহত নৈশপ্রহরী সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। সুদের টাকা ফেরত না পেলে সুদীরা সুফিয়ানকে প্রাণনাশের হুমকি দেয় বলে সুফিয়ানের স্ত্রী সাহানা বেগম অভিযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, মেডিকেল রিপোর্ট ও তদন্ত ছাড়া সঠিক কোনো কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।