কমলগঞ্জে পান্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের কলেজছাত্র পান্না হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবদুর রহিম ওরফে পেশকাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, জমির মালিকানা নিয়ে বিরোধে গত বছরের ৩ জুন সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সিলেট এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র মহসীন আলী ওরফে পান্না গুরুতর আহত হন।
ওই দিন চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই মোহন আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবদুর রহিমকে প্রধান আসামি করা হয়েছিল।
ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত রোববার রাত আটটায় এ মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল হক বালিগাঁও গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
কমলগঞ্জ থানার এএসআই জাহিদুল হক বলেন, ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার হওয়া আসামিকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।