কমলগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একটি পক্ষ। এ ছাড়া পুলিশের সহায়তায় ‘মিথ্যা’ মামলা দিয়ে প্রতিপক্ষের দুই নারীকেও ওই পক্ষ গ্রেপ্তার করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজকে গতকাল প্রত্যাহার করে নিয়েছে জেলা পুলিশ।
গতকাল সরেজমিনে দেখা যায়, শ্রীরামপুর গ্রামের সালেহ আহমেদের বাড়ির দুটি টিনের ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। সালেহ আহমেদের ছেলে রাসেল মিয়ার স্ত্রী সুমেনা বেগম দাবি করেন, এই বসতভিটা তাঁর শ্বশুরের। এখানে ২০ শতক জমি আছে। এ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী সুফিয়ান, কামরুল, হান্নানদের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার প্রতিপক্ষ কমলগঞ্জ থানায় একটি মামলা করে। ওই দিনই দুপুর ১২টায় এসআই আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের বাড়িতে এসে ওই মামলায় তাঁর শাশুড়ি মুজিবুন নেছা (৬০) ও তাঁর বোন মুহিবুন নেছাকে (৪৫) গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে সুফিয়ান, কামরুল, হান্নানসহ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তাঁদের দুটি ঘর ভাঙচুর করে।
সুমেনা বেগম আরও অভিযোগ করেন, গতকাল বেলা আবারও হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা নতুন ঘর নির্মাণের জন্য বিদেশ থেকে পাঠানো দেড় লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে এসআই মতিউর রহমান ও আজিজ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে সুফিয়ান, কামরুলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, হামলার ঘটনায় গতকাল মামলা হয়েছে। ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই আব্দুল আজিজকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার সত্যতা নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুল আলম। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ময়না মিয়া ও জিল্লুল নামের দুজনকে আটক করা হয়েছে।