ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগানে প্রতিপক্ষের হামলায় দুই চা-শ্রমিক আহত হয়েছেন। গত বুধবার রাতে ওই চা-বাগানের পশ্চিম লাইনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ প্রতিপক্ষের দুই চা-শ্রমিককে গ্রেপ্তার করেছে।
আহত দুজন হলেন কুরমা চা-বাগান এলাকার বালক দাশ পাইনকা (৪০) ও তাঁর ছোট ভাই দীপক দাশ পাইনকা (৩০)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বালক দাশ গতকাল বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৮ মে অনুষ্ঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কুরমা চা-বাগানের চা-শ্রমিকেরাও দুই ভাগে বিভক্ত হয়ে চেয়ারম্যান প্রার্থী কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুলেমান মিয়া এবং তাঁর বড় ভাই বিএনপির নেতা আব্দুল হান্নানকে ভোট দেন। এতে আওয়ামী লীগ নেতা পরাজিত হন। এরপর থেকে দুই সহোদরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জের ধরে বুধবার রাত আটটায় চা-শ্রমিক বালক দাশ পাইনকা কাজ শেষে বাসায় ফেরার সময় প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালায়।
মামলা সূত্রে জানা গেছে, চা-বাগানের চৌমুহনী শিবমন্দিরের সামনের রাস্তায় প্রতিপক্ষ একই বাগানের সুজন নুনিয়া, নয়ন নুনিয়া, শিও কুমার নুনিয়া, মাছিম মিয়া, জনম নুনিয়া, জগদীশ নুনিয়াসহ ৮-১০ জন বালক দাশ পাইনকার ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে তাঁর ভাই দীপক দাশ এগিয়ে এলে তাঁকেও মারধর করে রক্তাক্ত জখম করে তারা। পরে বাগান পঞ্চায়েতের সভাপতি নারদ পাশী, সম্পাদক দীলিপ পাশী, শাহাদত আলী, সত্য নারায়ণ প্রজাপতিসহ স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। বাগান ব্যবস্থাপক বাগানের গাড়ি দিয়ে তাঁদের দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, হামলাকারীরা একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বাগানে শান্তি বিনষ্টসহ অরাজকতা সৃষ্টি করছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তারা এসব অপতৎপরতা চালাচ্ছে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক আল মামুন বলেন, প্রতিপক্ষের চা-শ্রমিকদের ওপর হামলা চালানোর অভিযোগে নয়ন নুনিয়া ও শিও কুমার নুনিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।