কমলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের একটি গ্রামে ওই ঘটনা ঘটেছে বলে ওই তরুণী অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে আজ বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ এক যুবককে আটক করেছে।

ওই যুবকের নাম রাসিদ আলী (৩৫)। তিনি একই উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, ওই তরুণী ও তাঁর পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসিদকে আটক করেছে।

কমলগঞ্জ থানা–পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি বিকেলে ওই তরুণী উপজেলার আদমপুর ইউনিয়নের একটি গ্রামে বেড়াতে যান। এ সময় রাসিদ আলী ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে গতকাল মঙ্গলবার রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে ওই তরুণীর পরিবার পুলিশের কাছে রাসিদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান।

পরে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক বিজয় প্রসাদ দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল কাঠ ব্যবসায়ী সেজে রাসিদের বাড়িতে যায়। পরে পুলিশ রাসিদকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াদৌস হাসান বলেন, মৌখিক অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।