
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর এলাকার লাঘাটা নদী থেকে বালু তুলে এবং প্রতিরক্ষা বাঁধ কেটে অবাধে চলছে বালু ও মাটির অবৈধ ব্যবসা। প্রশাসনের কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও বালু তোলা ও বাঁধ কেটে মাটি নেওয়া রোধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এভাবে অবাধে বালু তুলে এবং মাটি কেটে নেওয়ায় ওই নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
প্রশাসনের কাছে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আলীনগর দিশারী আশ্রয়ণ আবাসন প্রকল্প এলাকায় লাঘাটা নদী থেকে দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি চক্রের সদস্যরা বালু তোলাসহ এলাকার প্রতিরক্ষা বাঁধ থেকে মাটি কেটে বিক্রি করছে। আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আবদুল বাছিত ও সালাউদ্দীনের নেতৃত্বে এ ব্যবসা চলছে।
স্থানীয় বাসিন্দা আবদুন নূর চৌধুরী ও জাফর আলী বলেন, এভাবে নদী থেকে বালু ও বাঁধ থেকে দেদার মাটি নিলে নদীর গতিপথ বদলে এলাকাবাসী ব্যাপক ক্ষতির মুখে পড়বে। কৃষিজমি ও রাস্তাঘাট নদীতে বিলীন হবে। এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে গত বছরের ১৮ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রথম দফা লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর ১৪ জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে আবারও গণদরখাস্ত দেওয়া হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, বৈধভাবে বালু উত্তোলন করা হলে সরকার এখান থেকে প্রচুর রাজস্ব পেত। এখন এখানে হরিলুট চলছে।
অভিযোগ সম্পর্কে আবদুল বাছিত বলেন, বালুঘাটের প্রকৃত মহালদার জয়নাল আবেদীন শমশেরনগরের লোক। তাঁর কাছ থেকে উপ-ইজারা নিয়ে তাঁরা বালু তুলছেন। তবে প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি নেওয়া হচ্ছে না। আলীনগর চা-বাগানের কিছু লোক অবশ্য প্রতিরক্ষা বাঁধ কেটে বালুযুক্ত পলিমাটি নিচ্ছে বলে জানান আবদুল বাছিত। তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে স্থানীয় একটি পক্ষ অহেতুক তাঁর বিরুদ্ধে বাঁধের মাটি নেওয়ার অভিযোগ তুলেছে বলে দাবি করেন তিনি।
ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, অভিযোগটি গুরুত্বপূর্ণ। তা ছাড়া বিষয়টি পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গেও জড়িত। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।