কমলগঞ্জে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে আবদুল কাইয়ূম নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই ব্যবসায়ীর বড় বোন মাহবুব আরা গতকাল বৃহস্পতিবার সাব-জজ আদালতে মামলাটি দায়ের করেন।
ব্যবসায়ী আবদুল কাইয়ূমের বাড়ি উপজেলার শমশেরনগর বাজারে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কাইয়ূমের বড় ভাই আবদুস সালাম বলেন, কাইয়ূম শমশেরনগরের বাগান সড়কে ফ্রান্স-প্রবাসী শামছুল হকের দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন। পূর্ব বিরোধের জের ধরে গত রোববার রাতে তাঁকে (ছোট ভাইকে) বাসায় ডেকে নেন শামছুল হক। সেখানে শামছুলের নির্দেশে ভাড়াটে লোকজন হাত-পা বেঁধে কাইয়ূমকে ক্রিকেটের স্টাম্প ও হকিস্টিক দিয়ে পেটান। ওই দিন রাতেই চুরির অভিযোগে কাইয়ূমের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করেন শামছুল। পুলিশ তাঁকে আহত অবস্থায় গ্রেপ্তার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার দিবাগত রাত তিনটায় তাঁকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গত বুধবার বিকেলে শমশেরনগর রেলওয়ে স্টেশন ময়দানে ইউনিয়নবাসীর পক্ষে একটি প্রতিবাদ সভা হয়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শমশেরনগর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমদের পরিকল্পনায় শামছুল হক এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তবে পরিকল্পনা করার অভিযোগ অস্বীকার করেছেন ফারুক।
কাইয়ূমকে নির্যাতনের অভিযোগে হওয়া মামলায় শামছুল হক, ইউপি সদস্য ফারুক আহমদসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। শামছুল হক দাবি করেন, বাড়িতে অনধিকার প্রবেশ ও চুরি করার অপরাধে কাইয়ূমকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আহমেদ বলেন, কাইয়ূমের মাথায় ও বাঁ হাতে আঘাত রয়েছে। হাতের আঘাত গুরুতর। কমলগঞ্জ থানার ওসি এনামুল হক জানান, কাইয়ূমকে আশঙ্কাজনক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে শামছুল হক চুরির অভিযোগে মামলা করেছেন।