কমলগঞ্জে স্কুলছাত্রীকে আবার লাঞ্ছিত করার অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে আবার লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত মঙ্গলবার লাঞ্ছিত করতে বাধা দেওয়ায় ছাত্রীটির ছোট ভাইকে মারধর করে তার বাইসাইকেল ভেঙে দিয়েছে বখাটেরা।
এর আগে গত রোববার বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন মথুরাপুর গ্রামের খালিক মিয়া (২৩) নামের এক তরুণ। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে। এর দুদিন পর খালিকের বড় ভাই আশ্রব মিয়া (৪৭) একই ধরনের ঘটনা ঘটালেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ছাত্রীটির বাবা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক বলেন, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীর পথ রোধ করে তাকে টানাহেঁচড়াসহ চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন আশ্রব মিয়া। এতে বাধা দেওয়ায় ছাত্রীর সঙ্গে থাকা ছোট ভাইকে মারধর করে তার সাইকেলটিও ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আরও কিছু করার চেষ্টা করলে আবার মারধর করার হুমকিও দেওয়া হয়েছে।
ওই ছাত্রীর বাবা বলেন, দুদিনের ব্যবধানে দুই বখাটে একই ধরনের ঘটনা ঘটাল। উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও বিচার পাওয়া যাচ্ছে না।
আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, আশ্রব মিয়া একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি বিষয়টি ইউএনও ও ওসিকে জানিয়েছেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, তিনি অভিযুক্ত দুজনের বাবাকে তাঁর কার্যালয়ে হাজির করতে আলীনগর ইউপির চেয়ারম্যানকে বলেছেন।
এর আগে রোববারের ঘটনা নিয়ে সোমবার প্রথম আলোয় ‘ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ তরুণের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।