কমলনগরে ছাত্রলীগ নেতার পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রশিবিরের কর্মীরা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দিদার হোসেনের দুই পায়ের রগ কেটে দিয়েছেন। এ সময় জুয়েল ও সাজু নামের যুবলীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করেন তাঁরা।
গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারের অদূরে ফুরকানিয়া মাদ্রাসা এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উপজেলা সদরের হাজিরহাট বাজারে বিক্ষোভ করেন। ওই সময় জামায়াত-শিবিরের সমর্থকদের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হাজিরহাট বাজারে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ চলছিল।
উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল বাছেত জানান, ঘটনার সময় দিদার যুবলীগের ওই দুই কর্মীসহ মোটরসাইকেলে করে করুণানগর বাজারে যাচ্ছিলেন। ফুরকানিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে ছাত্রশিবিরের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তখন শিবিরের কর্মীরা দিদারের দুই পায়ের রগ কেটে দেন এবং জুয়েল ও সাজুকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দিদারকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।