কমলনগরে জামায়াতের দুই নেতাকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগরে দুই জামায়াত নেতাকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি গতকাল বুধবার তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কমলনগর থানা ও লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) বিষয়টি অস্বীকার করেছে।
কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরউদ্দিন জানান, যে দুই নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁরা হলেন চরফলকন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মনির হোসেন এবং চরজাঙ্গালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুর রশিদ ভুঁইয়া।
মাওলানা নুরউদ্দিনের দাবি, গতকাল বিকেল পাঁচটার দিকে সাদা পোশাকের ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে পুলিশ পরিচয় দিয়ে চরজাঙ্গালিয়া ফোরকানিয়া কবরস্থান এলাকায় নিজের চা-দোকান থেকে আবদুর রশিদ ভুঁইয়াকে তুলে নিয়ে যায়।
মনির হোসেনের ভাই মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন, গতকাল বেলা ১১টার দিকে সাদা পোশাকের চারজন লোক অটোরিকশায় এসে পুলিশ পরিচয় দিয়ে বাড়ির পাশে মাদ্রাসার সামনে একটি দোকান থেকে মনিরকে তুলে নিয়ে যায়।
মাওলানা নুরউদ্দিন ও মঞ্জুরুল ইসলাম জানান, রশিদ ভুঁইয়া ও মনিরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ কিছুই জানেন না বলে তাঁদের জানিয়েছেন। এ অবস্থায় ওই দুজনের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, ওই দুই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁদের পরিবারের পক্ষ থেকে তিনি জেনেছেন। তবে থানার কোনো পুলিশ ওই দুজনকে আটক বা গ্রেপ্তার করেনি। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ডিবি গতকাল কমলনগরে কোনো অভিযানে যায়নি।