কমলনগরে জামায়াত সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় গতকাল রোববার বিকেলে জামায়াত-শিবিরের নয়জন সমর্থকের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পুলিশের সামনে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ওই হামলা-ভাঙচুর চালিয়েছে।
গতকাল দুপুরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করে দুবৃর্ত্তরা। জামায়াত-শিবিরের কর্মীদের অভিযোগ, এর জের ধরে তাঁদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
জামায়াত-সমর্থক আমজাদ হোসেন ও রহিম আমিন বলেন, পুলিশের সামনে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বিকেলে আকস্মিকভাবে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা তাঁদের বসতঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়া ঘরের মালামাল নষ্ট করা হয় ও লুটপাট চালানো হয়।
রহিম আমিন বলেন, হামলাকারীরা তাঁর ভাই জামায়াত-সমর্থক আনোয়ার এবং প্রতিবেশী জামাল হোসেন, নূরনবী, আবদুর রহমান, আবদুল বাকের, হাফিজ উল্লাহ, কামাল উদ্দিন ও আলাউদ্দিনের বসতঘরেও হামলা-ভাঙচুর চালায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, কোনো বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়নি। পুলিশের সামনে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য চরজাঙ্গালিয়া এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে ওই সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।