কমলনগরে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে গত সোমবার দিবাগত রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কিরণ মিয়া, আবদুর রশিদ ও আবুল বাশারের বাড়িতে ওই ডাকাতি হয়।
আবদুর রশিদের স্ত্রী মারজাহান বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জন লোক বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বসতঘরের দরজা ভাঙার চেষ্টা করে। ওই সময় পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে দরজা খুলে দিতে বলে। এতে সাড়া না দেওয়ায় তারা দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে ১৭ হাজার টাকা ও দুটি মুঠোফোন লুটে নিয়ে যায়। প্রবাসী আবুল বাশারের স্ত্রী ফাতেমা বেগম বলেন, পুলিশ পরিচয় দিয়ে আসামি ধরার নাম করে গভীর রাতে ৮-১০ জন লোক ঘরের দরজা খুলতে বলে। পরে দরজা খুলতেই অস্ত্রের ভয় দেখিয়ে তারা সবাইকে আটকে রেখে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একইভাবে হাজিরহাট বাজারের রেস্তোরাঁ ব্যবসায়ী কিরণের বাড়ি থেকেও ডাকাতেরা অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে।
কমলনগর থানার ওসি মো. কবির আহম্মদ জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।