কমলনগরে দুই প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে গত রোববার রাতে দুই প্রবাসীর ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রবাসী মহিউদ্দিন জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর বসতঘর ও রান্নাঘরে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, কেউ পরিকল্পিতভাবে তাঁকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এদিকে রোববার রাত ১১টার দিকে প্রবাসী আবুল বাশারের বসতঘরে পেট্রল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রবাসী আবুল বাশারের ছোট ভাই আবুল হোসেন জানান, পেট্রল ঢেলে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।