কমলনগরে দুই শিশু চুরির ঘটনায় নারী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই শিশু চুরির ঘটনায় ধাত্রী মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মধ্য চরমার্টিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) রফিক উল্যাহ জানান, মনোয়ারা বেগমের বিরুদ্ধে শিশু চুরির ঘটনায় দুটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হবে।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকন্যা মিমকে তার মা সামছুন নাহার ওই সময় বহির্বিভাগে অপেক্ষারত মনোয়ারা বেগমের কাছে রেখে তিনি টিকিট সংগ্রহ করতে যান। ফিরে এসে দেখেন শিশুকে নিয়ে মনোয়ারা বেগম পালিয়ে গেছেন। পরদিন পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মতিরহাট এলাকা থেকে পরিত্যক্ত একটি ঘর থেকে শিশুকন্যা মিমকে উদ্ধার করে।
পুলিশ জানায়, একই হাসপাতাল থেকে মহিনুর বেগমের নবজাতক পুত্রসন্তান চুরির ঘটনাতেও মনোয়ারা বেগম জড়িত। নবজাতককে এখনো উদ্ধার করা যায়নি।