কমলনগরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত আজগর আলী (২৫) নামের এক ব্যক্তি শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আজগরের বাড়ি উপজেলার চরপাগলা এলাকায়। স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আজগর আলীর ভাইসহ চারজন আহত হন।
এলাকাবাসী জানান, বাড়িসংলগ্ন একখণ্ড জমির মালিকানা নিয়ে আজগরের বড় ভাই জয়নাল আবদীনের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে ওই ব্যক্তি লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর ওঠাতে যায়। এ সময় বাধা দিলে ওই ব্যক্তির লোকজন জয়নালের লোকজনের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জয়নাল আবদীন, আজগর আলী, সাইফুল ইসলাম, আরিফ হোসেন ও জহির উদ্দিন আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত আজগর, জয়নাল ও সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আজগরের বড় ভাই আফসার উদ্দিন জানান, আজগর আলীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান।