লক্ষ্মীপুরের কমলনগরে বাসচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার ফোরকানিয়া এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মন্নান (১০) উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় আনন্দ বাজার দারুল ফালাহ কাউমী মাদ্রাসার প্রথম জামায়াতের (শ্রেণি) ছাত্র ছিল। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনন্দ বাজার দারুল ফালাহ কাউমী মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন বলেন, আবদুল মন্নান গতকাল সকালে সাইকেলে করে উপজেলা সদরের হাজিরহাট বাজারে যাচ্ছিল। ফোরকানিয়া এলাকায় পৌঁছার পর বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মেদ বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।