কমলনগরে বিএনপি-আ. লীগ সংঘর্ষ, আহত ১২
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহমদের কর্মী-সমর্থকদের মধ্যে শুক্রবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেল।
মোসলেহ উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার সকাল থেকে ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। দুপুর ১২টার দিকে ওই ওয়ার্ডের মুসলিম পাড়ায় গণসংযোগ করতে গেলে
ফয়সাল আহমদের সমর্থক উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাঁদের ওপর হামলা করে। এ সময় তাঁদের দুইটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ওই হামলায় তিনিসহ তাঁর কয়েকজন কর্মী আহত হন।
এ দিকে হামলার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহমদ পাল্টা অভিযোগ করে বলেন, তাঁর সমর্থকদের ওপর বিএনপির প্রার্থীর লোকজন হামলা করেছে। হামলায় তাঁদের কয়েকজন কর্মী আহত হন।
কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেজবাহ উদ্দিন বলেন, ‘হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে শুনেছি বিএনপির লোকজন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর লোকজনদের ওপর হামলা করেছে।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহম্মদ জানান, দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।