কমলনগরে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নিল 'যুবলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিনের মনোনয়নপত্র যুবলীগের কর্মীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মোসলেহ উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর সেখান থেকে ফেরার সময় উপজেলা পরিষদ কার্যালয়ের সিঁড়িতে যুবলীগের নেতা ওমর ফারুক সাগরসহ কয়েকজন তাঁর কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেন। ওই সময় তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়।
অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, তিনি কারও মনোনয়নপত্র ছিনিয়ে নেননি। যুবলীগের কোনো নেতা-কর্মী কারও মনোনয়নপত্র ছিনতাই করেনি। অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে কি না, তা তিনি জানেন না।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, তোরাবগঞ্জ ইউপি নির্বাচনের জন্য মো. মোসলেহ উদ্দিন গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ওই মনোনয়নপত্র ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তিনি জানেন না। এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি।