কমলনগরে শিবির-যুবলীগের সংঘর্ষে আহত ৫, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদরের হাজিরহাট বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবির ও যুবলীগের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
চরফলকন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ফাসায়েত উল্লাহ বলেন, সন্ধ্যায় হাজিরহাট বাজারের তালপট্টী এলাকায় তাঁর বাসা ও আইডিয়াল ল্যাবরেটরি কিন্ডারগার্টেনের সামনে তিনি কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় মাতব্বরনগর সড়কে আওয়ামী লীগের কর্মী ও চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে যুবলীগের সাত-আটজন কর্মী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছির উদ্দিন জামশেকে পিটিয়ে আহত করে। তাঁকে উদ্ধারের জন্য তিনিসহ কয়েকজন এগিয়ে গেলে যুবলীগের কর্মীরা তাঁদের ওপরও হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছির উদ্দিন, জামায়াতকর্মী আবদুল আলী এবং ইউপি সদস্য সিরাজুল ইসলামের নাম জানা গেছে। আহত অন্যদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াত নেতা ফাসায়েত বলেন, যুবলীগের কর্মীরা তাঁর বসতবাড়ি, উপজেলা জামায়াতের আমির মো. নুর উদ্দিনের ওষুধের দোকান এবং তাঁদের পরিচালিত আইডিয়াল ল্যাবরেটরি কিন্ডারগার্টেনে ভাঙচুর চালায়।
উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল বাছেত বলেন, ইউপি সদস্য সিরাজুল ইসলামের ওপর শিবিরের কর্মীরা প্রথমে হামলা চালান। এ সময় যুবলীগের কর্মীরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উত্তেজিত জনতা কিছু ভাঙচুর চালিয়েছে।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ছাত্রশিবির মিছিলের প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে তা প্রতিহত করার জন্য যুবলীগও প্রস্তুতি নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় একটি বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার চেষ্টা হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে হেদায়েত উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।