কমলনগরে সাবেক সাংসদের বাড়িতে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় বিএনপির সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজানের বাসভবনে গতকাল শুক্রবার হামলার ঘটনা ঘটেছে। এতে চরফলকন ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের গাড়ি এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল বিকেলে আশরাফ উদ্দিন নিজানের বাড়ির বৈঠকখানায় চরফলকন ইউনিয়ন বিএনপির সম্মেলন চলছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সেখানে হামলা চালান।
উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ইটপাটকেল ছুড়ে সাংসদের বাড়ির জানালার কাচ ব্যাপক ভাঙচুর করেন। তাঁরা তিনটি মোটরসাইকেলসহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের গাড়ি ভাঙচুর করেন। তিনি বলেন, ইটের আঘাতে চরফলকন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, বিএনপির কর্মী বাহার হাজারী ও আবদুল মান্নান আহত হন। আলমগীর ও মান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসিবুর রহমান বলেন, কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন ওরফে বাপ্পীর নেতৃত্বে হামলা চালানো হয়। তিনি জানান, হামলার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।
তবে উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়িত নন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওই ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় যুবলীগের কর্মী আবদুল মান্নান ও ছাত্রলীগের কর্মী রাজু ইটের আঘাতে সামান্য আহত হয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, বিএনপির বৈঠকে হট্টগোল-হাঙ্গামা হয়েছে। সেখানে গাড়িসহ বিচ্ছিন্ন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।