লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু বাজারে গত রোববার রাতে একদল লোকের হামলায় ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দোকানগুলোতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, চরবসু বাজারের ব্যবসায়ী মো. আলাউদ্দিন ও সালাউদ্দিনের সঙ্গে একই বাজারের ব্যবসায়ী ছায়েদল হক ও আবুল কালামের পরিবারের বিরোধ চলে আসছে। গত ২২ জুন আলাউদ্দিন ও সালাউদ্দিনের বাবা নজির আহম্মদ ভূঁইয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। ছায়েদল হকের ভাতিজা মো. শিব্বির তাঁর মৃত্যু সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন—এ অভিযোগে গত রোববার বিকেলে তাঁর (শিব্বির) সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আলাউদ্দিন ও সালাউদ্দিনের লোকজন। এরপর রাত সাড়ে সাতটার দিকে দলীয় নেতা জয়নাল আবদীনের সহায়তায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীসহ চরবসু বাজারে ছায়েদল হক, আবুল কালাম ও তাঁদের স্বজনদের ৮-১০টি দোকানঘরে হামলা চালান আলাউদ্দিন ও সালাউদ্দিন। এ সময় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে দোকানঘর ক্ষতিগ্রস্ত করা হয়।
হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সালাউদ্দিন বলেন, তাঁর বাবা নজির আহম্মদ আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন। তাঁর মৃত্যু সম্পর্কে বিরূপ মন্তব্য করায় দলীয় লোকজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবদীন ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরাজ মুহুরী হামলার সঙ্গে দলীয় লোকজনের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, দলীয় নেতার মৃত্যু নিয়ে কটাক্ষ করায় লোকজন ক্ষুব্ধ ছিল।
হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম ও ছায়েদল হক বলেন, নজির আহম্মদের মৃত্যু সম্পর্কে কেউ কোনো কটাক্ষ করেছেন কি না, তা তাঁদের জানা নেই। তবে ওই অভিযোগে তাঁদের পরিবার ও আত্মীয়স্বজনদের ১০টি দোকানে হামলা ও লুটপাট চালানো হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ওই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।