কমলনগরে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ আরিফ মারা গেছেন
লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় গুলিবিদ্ধ মো. আরিফ (২৬) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল নয়টায় মারা গেছেন। ১ মার্চ গভীর রাতে কমলনগর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে ওই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
নিহত আরিফের বড় ভাই মো. খোকনের তথ্যমতে, ১ মার্চ রোববার দুপুরে কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কে বা করা যানবাহনে আগুন দেয়। বেলা দুইটার দিকে পুলিশ তাঁর ভাই আরিফকে আটক করে থানায় নিয়ে যায়। একই সময় পুকুরে গোসল করার সময় তাঁর খালুর ভাই প্রবাসী মাইন উদ্দিনকেও পুলিশ তুলে নেয়। পরে ওই রাতে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ হোসেন ও মাইন উদ্দিন পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পুলিশ পাহারায় তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আরিফকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোররাতে আরিফ মারা যান। খোকন দাবি করেন, তবে তাঁরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।
কমলনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ দোলন জানান, নিহত আরিফ হোসেন চরজাঙ্গালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, ১ মার্চ রোববার দিবাগত রাত দেড়টায় বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কমলনগর থানার পুলিশ আরিফকে হাসপাতালে আনে। তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ৪ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ মার্চ রাতে পুলিশের একটি দল রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টহলে বের হয়। রাত সাড়ে ১২টায় চরজাঙ্গালিয়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে টহল দলটি দেখতে পায়, গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।
ওই সময় সেখানে গাড়ি থেকে নামলে ১০-১২ জন অবরোধকারী পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অবরোধকারীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে যুবদলকর্মী আরিফ ও ছাত্রশিবিরকর্মী মাইন উদ্দিনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।