কমলনগরের অপহৃত শিশু সিলেটে উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর থেকে অপহরণের তিন মাস পর মাসুম (৫) নামের এক শিশুকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কমলনগরের হাজিরহাট তদন্তকেন্দ্রের পুলিশের একটি দল সিলেট বিমানবন্দর থানার সহায়তায় গত বুধবার সকালে তাকে উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে শিশুটিকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। মাসুম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের মো. মোস্তফার ছেলে। পুলিশ জানায়, অপহরণের সঙ্গে শিশুটির ভগ্নিপতি জড়িত।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান জানান, মো. মোস্তফার মেয়ে নুর নাহার তাঁর স্বামী হৃদয়কে নিয়ে ছয় মাস ধরে বাবার বাড়িতে এসে বসবাস করতে থাকেন। তিন মাস আগে হৃদয় তাঁর শ্যালককে অপহরণ করে পালিয়ে যান এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। হৃদয়ের কোনো ঠিকানা শ্বশুরবাড়ির কেউ জানতেন না।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, অপহৃত শিশুকে উদ্ধারের জন্য সিলেট বিমানবন্দর এলাকায় বুধবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুমকে রেখে অপহরণকারী হৃদয় পালিয়ে যান।