কমলা চুরির অভিযোগে শিশুকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কমলা চুরির অভিযোগে গত বৃহস্পতিবার সাকিবুজ্জামান ওরফে সাকিব (৭) নামের এক শিশুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। নূর ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। সাকিবুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাকিবুজ্জামান উপজেলার নওদাবাদ ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামেরআনারুল ইসলামের ছেলে ও কেতকীবাড়ি নূরানী তালিমুল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, সাকিবুজ্জামানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। সে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে। এ সময় সাকিবুজ্জামান বলে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বইখাতা নিয়ে সে মাদ্রাসায় যাচ্ছিল। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কেতকীবাড়ি গ্রামেরবাসিন্দানূর ইসলাম তার গতিরোধ করে। পরে তাকে গাছের কমলা চুরির অভিযোগে তিনি কোদালের ডান্ডা দিয়ে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, প্রচণ্ড মারধরে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পা দিয়েও চেপে ধরেন নূর ইসলাম।

আনারুল বলেন, ‘এ ঘটনায় ন্যায়বিচারের জন্য থানায় মামলা দায়ের করেছি।’ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, নূর ইসলামকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।