কমলাপুর রেলস্টেশনে ৪০ সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ৪০টি সোনার বারসহ মো. শাহীন (৩৮) নামের এক ব্যক্তিকে আজ শুক্রবার সকালে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ।

সকাল পৌনে আটটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদের ভাষ্য, আটক সোনার ওজন সাড়ে চার কেজি। এগুলোর মূল্য আড়াই কোটি টাকা হতে পারে বলে তিনি জানান।

ওসি বলেন, শাহীন কোমরে বিশেষ কায়দায় সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

গত কয়েক দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক সোনার বার উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার কমলাপুর রেলওয়ে স্টেশনেও সোনার বার উদ্ধারের ঘটনা ঘটল।