কমলাপুর স্টেশনে মাদক, বখাটেদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে বসেই মাদকদ্রব্য বিক্রি ও সেবন চলে। আছে বখাটেদের উৎ​পাত l ছবি: প্রথম আলো
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে বসেই মাদকদ্রব্য বিক্রি ও সেবন চলে। আছে বখাটেদের উৎ​পাত l ছবি: প্রথম আলো

কমলাপুর স্টেশনে, বিশেষ করে নারায়ণগঞ্জ যাওয়া-আসার নির্ধারিত প্ল্যাটফর্মে মাদকদ্রব্য বিক্রি, মাদকসেবীদের উপদ্রব ও বখাটের আড্ডা বেড়ে গেছে। ঈদুল আজহায় প্ল্যাটফর্ম এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও এখন রেললাইনের ধারে শুধু নয়, প্ল্যাটফর্মের ওপরও ছড়িয়ে-ছিটিয়ে থাকে আবর্জনা। চারদিকে বমি উদ্রেককারী দুর্গন্ধ। গতকাল শুক্রবার এই এলাকায় গিয়ে এ অবস্থা দেখা যায়।
গতকাল বেলা দুইটার দিকে হন্যে হয়ে ছেলেকে খুঁজছিলেন মুগদা এলাকার এক বাসিন্দা। প্ল্যাটফর্মের চায়ের দোকান, যাত্রীদের বিশ্রামাগার, রেললাইনের ধারে—সব জায়গায় খুঁজেও তিনি তাকে পাননি। সংকোচের সঙ্গে বলেন, কিছুদিন আগে জেনেছেন, তাঁর ছেলে মাদকাসক্ত। ছেলেকে হাতখরচ হিসেবে টাকা দিলে সে মাদকদ্রব্য কেনে। মুঠোফোন, ঘড়ি, এমনকি ওভেন পর্যন্ত বিক্রি করে দিয়েছে। মাঝেমধ্যে ছেলেকে এই স্টেশনে খুঁজে পান। ছুটির দিন বলে দুপুরে একসঙ্গে খাওয়ার কথা। কিন্তু সে বাসায় ফেরেনি।
স্টেশনের এক কোণে একদল লোক গামছা বিছিয়ে বসেছে তাস খেলায়। রেললাইনের ধারে কাগজে মোড়ানো পুরিয়া বিক্রি হচ্ছে। অচেনা লোক দেখলেও বিক্রেতারা ফিসফিস করে জানতে চাইছে, ‘লাগবে নাকি?’ তেমন একটা নিরাপত্তাব্যবস্থা নেই। স্থানীয় দোকানদারেরা বলেন, শুক্রবার বলে বিক্রেতারা বেশি সুযোগ পেয়েছেন। মাদক বিক্রেতারা অনেক সময় দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে পর্যন্ত ঢুকে পড়েন। মালবাহী বগিতেও তাঁদের অবাধ অবস্থান। মাদক বিক্রেতা ও সেবীদের তুলনায় আইন প্রয়োগকারী সদস্যদের সংখ্যা সব সময়ই কম।
মুগদা এলাকায় বিশ্বরোডের পশ্চিমপাড়ে কমলাপুর স্টেশনে আসার একটি পদচারী-সেতু রয়েছে। ওই সেতু ব্যবহার করে ক্রেতা-বিক্রেতা ও সেবীরা উভয়ই।
নাম প্রকাশ না করার শর্তে রেলের একজন কর্মকর্তা বলেন, সন্ধ্যায় এখানে গাঁজাসহ নানা ধরনের মাদক সেবন চলে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ ব্যক্তিই বেশি। রেললাইনের ধারে গড়ে ওঠা বস্তির লোকেরা এবং কনটেইনার শ্রমিকদের কেউ কেউ এতে অংশ নেন।
নারায়ণগঞ্জ থেকেও ট্রেনে মাদকদ্রব্য আসে বলে প্ল্যাটফর্মের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানির কাছে জানা যায়। শুধু মাদকদ্রব্য নয়, যাত্রীবাহী ট্রেনে মালামালও বহন হয়। নারায়ণগঞ্জ থেকে আসা একটি ট্রেনের বগি থেকে ঢেউটিন, সুতার বড় বড় গাট্টি এমনকি ইলিশ মাছ নামাতে দেখা যায়। যাত্রীদের সরিয়ে বের করে আনা হয় এগুলো।
অনেক যাত্রীই বিনা টিকিটে এসেছে, দেখেই বোঝা যায়। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ না করেই ফিরতি ট্রেনে উঠে পড়ে অনেক যাত্রী।
স্টেশন ব্যবস্থাপককে দুপুরে তাঁর কক্ষে পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে অন্য একজন কর্মকর্তা বলেন, প্ল্যাটফর্মে বাইরে থেকে আসা মাদক বিক্রেতা ও মাদকসেবীরা থাকতে পারে। যাত্রীদের মধ্যেও অনেকে থাকতে পারে। স্টেশনে আবর্জনা ও যাত্রীবাহী গাড়িতে ভারী মালপত্র বহনের বিষয়ে তিনি বলেন, ‘শুক্রবার বলে লোক কম, অনেকে এই সুযোগ নেয়।’